কল্পবিজ্ঞানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন অপরেশ বন্দ্যোপাধ্যায়

২৫ জানুয়ারি, ২০২১ ১৮:৪৬  
২০২০ সালের জন্য বিজ্ঞান বা কল্পবিজ্ঞানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন অপরেশ বন্দ্যোপাধ্যায়। লেখালেখির পাশাপাশি তিনি কম্পিউটার প্রশিক্ষক এবং একজন সফটওয়ার প্রনেতা হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি বাংলা একাডেমীর পরিচালক হিসেবে কর্মরত। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধাবৃত্তি ও বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার জন্য অর্জন করেছেন শ্রেষ্ঠ প্রাবন্ধকের পুরষ্কার । গণিত ও কম্পিউটারের বিস্ময়, তিমি রহস্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১, গণিত অভিধান, এ বুক অব নলেজ, বিকিরণ জীববিজ্ঞান, আবিষ্কারের গল্পসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৫ টি । সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ১০ বিভাগে এই পুরস্কার ঘোষণা করেন মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। করোনার কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি উঠলেও তা হচ্ছে না জানিয়ে এই মেলা আগামী ১৮ মার্চ বইমেলা ময়দানেই শুরু হবে বলে জানিয়েছেন তিনি। পুরস্কার প্রদান সম্পর্কে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।’ এর আগে ২৪ জানুয়ারি পুরস্কার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফখরুল আলম, কাজলকৃষ্ণ ব্যানার্জি, মুহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ কায়কোবাদ, কামাল চৌধুরী ও ইমরান কবির চৌধুরী। প্রসঙ্গত, অপরেশ বন্দোপাধ্যায় এর জন্ম ১লা বৈশাখ , তিনি চট্রগ্রামে জন্মগ্রহন করেন। তার লেখাপড়া শুরু করেন চট্রগ্রামের যে এম সেন হাই স্কুলে। পরবর্তীতে তিনি ঢাকায় পড়ালেখা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেধাবৃত্তি সহ প্রথম শ্রেনীর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বিজ্ঞান গবেষক হিসেবে।